ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার পক্ষে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ড আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। নির্বাচনে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজে জড়াবে, দায়িত্ব এড়িয়ে চলবে কিংবা দায়িত্বে অবহেলা করবে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুদের দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণসহ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।’ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।’
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক দেওয়া হয়। কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন উপলক্ষ্যে কিছু সহিংসতা হচ্ছে কিন্তু এটি বাড়ছে না। অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার হার অনেক কম। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে তার বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণে হয়েছে, যেটা দমন করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একটু কঠিন। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।’ তিনি বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হতে হবে।


