ঢাকার নয়াপল্টন এলাকার একটি বেসরকারি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম পবিত্র কুমার বড়ুয়া। তিনি শারমিন একাডেমি নামে অভিযুক্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এবং একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।
শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল জোনের উপকমিশনার।
গত রোববার নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে নির্যাতনের শিকার হয় চার বছরের একটি শিশু। সে ওই স্কুলটিতে প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শারমিন একাডেমির অফিসরুমে স্কুলের পোশাক পরা ওই শিশুকে মারধর করছেন দুজন। শিশুটিকে চড় দেওয়া হয়, মুখ চেপে ধরা হয় এমনকি গলাও চেপে ধরতে দেখা যায়।
তাকে নির্যাতন করছিলেন গ্রেপ্তার পবিত্র কুমার ও তার স্ত্রী শারমিন।
ছুটির পর শিশুটি বাসায় ফেরার পর আতঙ্ক থেকে অসুস্থ হয়ে পড়ে। এমনকি ঘুমের মধ্যেও সে চিৎকার করে উঠতে থাকে।
এ ঘটনায় পল্টন থানায় শিশু আইনে মামলা করেন শিশুটির মা। এতে দুজনকে আসামি করা হয়।


