ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে এই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এসব আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।‘
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তার অফিসের নারী কর্মী তূর্য রেজাউল কথাকে আমেরিকা ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পরে তিনি দেশে ফিরে আসেন।
এরপর আসামি তাকে ফোন করে তার অফিস কক্ষে আসতে বলেন। তিনি অফিসে গেলে আসামি তাকে কু-প্রস্তাব দিলে তাতে রাজি না হলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কথা অফিস থেকে পালানোর চেষ্টা করলে অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক আটকে রাখে।
ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশত টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ করেন কথা। ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


