নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, বালুবাহী ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পাঠকাঠি এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় চাষিদের সবজিবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার তিনজন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তারা সবাই মারা যান।
নিহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস। তারা হলেন- উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।


