পুরান ঢাকার বাহ্যিক আবরন সময়ের সাথে সাথে বদলে যেতে থাকলেও এখনও পুরনো ঐতিহ্য স্পষ্ট এর প্রতিটা পরতে পরতে। স্থানীয় বাসিন্দাদের আধিক্য থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের দীর্ঘদিন ধরে উপস্থিতি একদিকে যেমন সমৃদ্ধ করেছে পুরান ঢাকাকে, ঠিক একইভাবে অস্তিত্ব সংকটেও ফেলেছে। সেসব গল্পই এবার পর্দায় তুলে আনছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। তার পরিচালনায় নির্মিত হচ্ছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’।
ইতোমধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটের বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি পহেলা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।
একটি বিশেষ চরিত্রে রয়েছেন ঢালিউড সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা। এতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।
ফরিদুল হাসান বলেন, ‘এটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হচ্ছে। এতে অনেক জনপ্রিয় শিল্পীরা অভিনয় করছেন। অস্থির সময়ে স্বস্তি দিবে মহল্লা। পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প। আমরা প্রায়ই শুনে থাকি পরিবারের গল্প হয় না। তা অনেকটাই ভুল। কারণ, পরিবারের গল্প হয় তবে তুলনামূলক কম। তবে আমি বরাবরই পারিবারিক গল্পকে গুরুত্ব দেই। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই মহল্লা নির্মাণ করছি।’

আইরিন বলেন, ‘এতে আমি মধু চরিত্রে অভিনয় করেছি। মধু জনপ্রিয় একজন চিত্রনায়িকা। তাকে পুরান ঢাকার একটি মহল্লায় ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য নেওয়া হয়। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।’
যাহের আলভী বলেন, ‘আমার পুরান ঢাকায় বেড়ে ওঠা। মহল্লায় আমাদের অনেক গল্প আছে সেসব পর্দায় তুলে ধরা হচ্ছে।’
গল্পের প্রয়োজনে ‘মহল্লা’ ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। এটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই গায়ক। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন। সাজসজ্জায় টিটু শিকদার।


