একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা গোষ্ঠী একাত্তরকে পিছিয়ে ফেলতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী একাত্তরকে পিছিয়ে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমরা অস্তিত্ব হারিয়ে ফেলব।’
ফখরুল বলেন, ‘একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।’
তিনি যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।’
এ সময় তিনি বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে।’


