সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা
সাজেকে সড়ক অবরোধের ঘোষণা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বুধবার সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

এদিকে সাজেক পর্যটন পর্যটকদের জন্য উম্মুক্ত করে পর্যটকদের নিরাপত্তার দাবিতে সকালে খাগড়াছড়ির শাপলা চত্ত্বরে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে সাজেক পর্যটননের সাজেক রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতি, শ্রমিক, মহেন্দ্র সমিতির বিভিন্ন সংগঠন।

বিবৃতিতে বলা হয়, সাজেক এলাকা থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জাতীয় শান্তি সেনা (জেএসএস) সদস্যদের সরিয়ে নিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন প্রশাসন ৪৮ ঘন্টা সময়ের মধ্যে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। যার কারণে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও প্রদত্ত দাবিগুলো বাস্তবায়ন হয়নি এবং সেনাবাহিনীর সদস্যরা মাচলঙের চিল্লাতুলি গ্রামে মিয়্যো চাকমা নামে এক সাধারণ গ্রামবাসীর ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এ অবস্থায় এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য তাদেরকে ওই এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতারা বিবৃতিতে উল্লেখ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad