পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
এর আগে রোববার সকাল ১১টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সোমবারও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ঘেরাও শুরু হয়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট বিষয়ে ইসি পক্ষপাতমূলক ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি করছে।
পাশাপাশি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে কমিশন স্বাধীন ও দায়িত্বশীল সিদ্ধান্ত থেকে সরে আসছে বলেও দাবি সংগঠনটির।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত ইসির প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত বলে উল্লেখ করেছে ছাত্রদল।
সোমবার সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।
রোববার কর্মসূচির একপর্যায়ে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে তিনটি দাবি তুলে ধরে।
ছাত্রদলের নেতাদের ভাষ্য, ইসি আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় আবার কর্মসূচিতে নামতে হয়েছে।


