পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। এবারের হজে গিয়ে এ পর্যন্ত ৪৮ জন মারা গেছেন।
রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আরও ৩ হাজার ৬৪৬ জন দেশে ফিরবেন। এর ফলে অর্ধেকের বেশি হাজি দেশে পৌঁছাবেন। বাকিরা পর্যায়ক্রমে ফ্লাইট শিডিউল অনুযায়ী ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজি। তারা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরা সন্তুষ্টি প্রকাশ করে অন্যদেরও এই মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।


