প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়াতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় রওনা হবেন আফঈদা খন্দকারা-ঋতুপর্না চাকমারা। তবে এর আগে বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটিয়েছেন কোচ পিটার বাটলার। নারী দলের মধ্যকার অস্থিরতা ও প্রস্তুতির ঘাটতির নেপথ্যে বাফুফের অব্যবস্থাপনাকেও রেখেছেন কাঠগড়ায়।
একইসাথে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট দায়িত্বে থাকা বাফুফের কর্মকর্তাদের ফুটবল জ্ঞান নিয়ে। বাটলার বলেন, ‘হয়তো এই বাফুফেতে সবাই ফুটবলকে সেভাবে বোঝেন না। জীবনে যেমন হয়, ফুটবলও তেমন। অনেক সময় আপনি জয় আর ফলাফল দিয়ে ফাটলগুলো কাগজ দিয়ে ঢেকে রাখেন। কিন্তু বিষয়টা শুধু প্রথম ১০ মিনিটে ২ গোল করা, তার পরের ২০ মিনিটে আবার ২ গোল করার মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টা হলো, এমন পারফরম্যান্স গড়ে তোলা, যেখানে বিশ্বাসযোগ্য, মানসম্মত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায়।’
মূলত বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে যথাযথ প্রস্তুতি নিতে না পারার কারণেই এভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাটলার। যেখানে দায় দিয়েছেন বাফুফের পরিকল্পনাকে। গেল ডিসেম্বরের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি জাতীয় দল। দীর্ঘ সময় ফুটবলাররা ব্যস্ত ছিলেন ঘরোয়া লিগে। এ নিয়ে বাটলার বলেন, ‘আমি রূপকথার জগতে থাকি না, বাস্তবেই আমার বসবাস। প্রস্তুতির চেয়ে লিগই বেশি প্রাধান্য পেয়েছে। যেটা আদর্শ না কোনোভাবেই।’
এশিয়ান কাপে আগামী ৩ মার্চ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ৬ মার্চে প্রতিপক্ষ কোরিয়া ও ৯ মার্চ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।


