দিল্লিতে গাড়ি বিস্ফোরণের সন্দেহভাজনের ছবি প্রকাশ

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের সন্দেহভাজনের ছবি প্রকাশ
কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

ভারতের দিল্লির লাল কেল্লার কাছে ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর প্রথম ছবি প্রকাশ করেছে পুলিশ। তার নাম উমর মোহাম্মদ, পেশায় চিকিৎসক। পুলিশের তথ্যমতে, তিনি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী দিল্লির ওই হাই-প্রোফাইল এলাকায় একটি গাড়ি বিস্ফোরিত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দিল্লি পুলিশ জানায়, উমর মোহাম্মদ ওই সাদা রঙের হুন্দাই আই-টোয়েন্টি মডেলের গাড়িটির চালক ছিলেন। গাড়িটিতে বিস্ফোরণ ঘটানোর আগে প্রায় তিন ঘণ্টা সেটি লাল কেল্লার কাছের একটি পার্কিংয়ে থামিয়ে রাখেন।

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই গোপন সংবাদের ভিত্তিতে ‘হোয়াইট কলার’ বা নিজস্ব পেশার আড়ালে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ। ওই অভিযানে ডা. উমরের ঘনিষ্ঠ দুই সহযোগী ডা. আদিল আহমদ রাঠার এবং ডা. মুজাম্মিল শাকিলকে গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন হামলাকারী উমর তার সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে দিল্লিতে অবস্থান নেন। তদন্তকারীদের ধারণা, তিনি আতঙ্কিত হয়ে ওই বিস্ফোরণ ঘটান।

আরও পড়ুন

দিল্লি
সন্দেহভাজন হামলাকারী উমর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

উমরকে এ কাজে আরও দুই জন সহযোগিতা করেছে বলে এনডিটিভিকে জানিয়েছে দিল্লি পুলিশের একটি সূত্র। তিনি জানান, বেশকিছুদিন ধরেই ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় পরিসরে হামলার পরিকল্পনা করছিলেন উমর। সে উদ্দেশ্যেই তিনি নিজের গাড়িতে ডেটোনেটর বা বিস্ফোরক স্থাপন করেন। ডা. উমার ওই গাড়িটি কেনার আগে বেশ কয়েকবার সেটির মালিকানা পরিবর্তন হয় বলেও জানান তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজ ও ছবিতে দেখা গেছে, সাদা হুন্ডাই গাড়িটি লাল কেল্লার পার্কিং লটে প্রবেশ করে বিকেল ৩টা ১৯ মিনিটে। পরে ৬টা ৩০ মিনিটের দিকে সেটি বেরিয়ে যায়। এরপর ধীর গতিতে গাড়িটি কাছের মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পাশে ট্রাফিক সিগন্যালে আটকে যায় এবং মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

দিল্লি
বিস্ফোরণের শিকার হয় ২০টিরও বেশী যান। ছবি: এপি/ইউএনবি

দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণটির মাত্রা অত্যন্ত শক্তিশালী ছিল। এসময় আশপাশের অন্তত ২২টি গাড়ি ও যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

লাল কেল্লা বা লাল কিলা ভারতের রাজধানীর জনাকীর্ণ পুরনো দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

এই বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad