পাঁচ মাস বিরতির পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। ওপেনিং জুটিতে দেখা যাবে সাইফ হাসান-তানজিদ তামিমকে।
এই ম্যাচ দিয়েই ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। যাকে লিটন দাসের সাথে ভাবা হচ্ছে মিডল অর্ডারের সমাধান হিসেবে। স্পিনে অধিনায়ক মিরাজের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়।
এদিকে পাকিস্তানের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে চার ক্রিকেটারের। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদের।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।


