দিল্লির শিক্ষার্থী আন্দোলনের প্রভাব মুম্বাইয়েও ছড়িয়ে পড়ার মধ্যে আটক শিক্ষার্থীদের আবার বিক্ষোভে অংশ নিলে মাদকের মামলায় ফাঁসিয়ে ‘জীবন নষ্ট’ করে দেওয়ার হুমকি দিয়েছেন মুম্বাই পুলিশের এক সদস্য।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে তাকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আটক কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তুলে হুমকি দিচ্ছেন এক পুলিশ সদস্য। ভিডিওটি শিক্ষার্থীদের একজন ধারণ করেছেন বলে জানা গেছে।
ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, বিক্ষোভে ফিরলে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দেওয়া হবে। তিনি বলেন, ‘আবার যদি তোমাদের বিক্ষোভে দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার (মাদক) ঢুকিয়ে দেব। তখন তোমাদের জীবন শেষ। জামিনও পাবে না।’
তিনি আরও বলেন, ‘জামিন পাবে না, জেলে পচে মরতে হবে।’ একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘তোমাদের জন্য আমরা ভুগছি।’
ভিডিওটি কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর মুম্বাই পুলিশ সংশ্লিষ্ট সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের নির্দেশ দেয়।
মুম্বাই পুলিশের উপপুলিশ কমিশনার (অভিযান) আকবর পাঠান বলেন, ‘বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
A Maharashtra policeman was caught on video allegedly threatening detained student protesters that he could easily plant drug evidence in their pockets if they were seen protesting again over NEET paper leak in Mumbai. pic.twitter.com/JfZT0iDdua
— The Siasat Daily (@TheSiasatDaily) July 23, 2026
প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গত কয়েক দিনে মুম্বাইয়েও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার দিল্লিতে পুলিশি লাঠিচার্জের ঘটনার পর মুম্বাইয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে।
শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে বলিউড অভিনেতা ইমরান খানসহ বিভিন্ন ব্যক্তিকেও অংশ নিতে দেখা গেছে।


