দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নির্বাচনী প্রচারণায়’ অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান দেশে এসে অংশগ্রহণ করবেন। নির্বাচনী প্রচারণায় তিনিই নেতৃত্ব দেবেন।’
ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে দাবি করেন আমান উল্লাহ। তিনি বলেন, ‘আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি হয়েছে। যেমন- তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।’
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।’
ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশিজ এলায়েন্স ফর হিউম্যান রাইটস-এর আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন প্রমুখ।


