আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এজন্য রোববার বেলা ১১টা ১০ মিনিটে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করতে এ বি এম আব্দুস সাত্তার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে যান। পরে ১১টা ১০ মিনিটে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এই আসনে সম্ভাব্য জোট প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে তারেক রহমান নির্বাচন করলে তিনি বাদ পড়বেন।
দলের একটি সূত্র জানিয়েছে, পার্থকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে ভোলা-১ আসনে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে বিএনপির প্রথম দফা মনোনয়ন ঘোষণায় তারেক রহমানকে তার নিজ জেলার বগুড়া-৬ আসনে প্রার্থী করা হয়। এই মধ্যে সেখানে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
তারেক রহমানের বগুড়ায় ভোটার হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কৌশলগত কারণে তিনি রাজধানীর অভিজাত এলাকা ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা ভাবছেন বলে জানিয়েছিলেন বিএনপির এক নেতা। সেই লক্ষ্যেই তারেক গুলশানে ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন এবং ভোটার জন। একই কারণে তার মেয়ে জাইমা রহমানকেও এই আসনে ভোটার করা হয়েছে।


