ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (বর্তমানে স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রোববার ডাকসু এক বিবৃতিতে জানায়, ডাকসু নির্বাচনের পর বিএনপির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে, অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত’ বলে যে মন্তব্য করেছেন, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার শামিল। ডাকসু মনে করে, এই ধরনের মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য এবং মুক্তবুদ্ধি চর্চার ভাবমূর্তির প্রতি গভীর অবমাননা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, যা দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত, বর্তমানে মাল্টি-কালচারাল একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে করা এই ধরনের ঘৃণিত মন্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যের বিরুদ্ধে একটি আঘাত।
ডাকসু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাডভোকেট ফজলুর রহমানকে তার এই নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক এবং বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


