বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
তিনি বলেন, সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন। সিলেট অঞ্চলের চা বাগানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে এবং অতীতে এ খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে।
এ খাতে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পর্যটনশিল্পও সম্প্রসারিত হবে, যোগ করেন তিনি।
সার কারখানার প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলো বছরজুড়ে চালু রাখা যায় না। এলপিজির মাধ্যমে সার কারখানা সারা বছর চালু রাখতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
এ সময় ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দিতে যুক্তরাজ্য আগ্রহী।
সিলেটের চা বাগান, সিফুড, লেদার প্রসেসিং, এক্সপোর্ট ডাইভারসিফিকেশন ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগে বিশেষ আগ্রহের কথাও জানান ব্রিটিশ হাইকমিশনার।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।


