ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের কারিগরি নিরীক্ষা ও মূল্যায়ন করতে আবাসিক হলটি পরিদর্শন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল।
মূল্যায়নের মাধ্যমে ভবনের কোনো ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত হলে শিক্ষার্থীদের নিরাপদে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন।
মঙ্গলকার সূর্যসেন হল পরিদর্শনে উপস্থিত ছিলেন বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এবং হল সংসদের প্রতিনিধিরা।
এর আগে ভূমিকম্প–পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষা, মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।
পরে কেন্দ্রীয় সমন্বয় কমিটির অধীনে গঠিত হয় চারটি উপকমিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এসব উপ–কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবন পরিদর্শন এবং কারিগরি নিরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম শেষ করবে। পরিদর্শনের পর কারিগরি মূল্যায়নের প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে।
গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হাতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কোনোটির দেয়ালে ফাটল দেখা দেয়, কোনোটির ছাদের পলেস্তারা খসে পড়ে।
ভয়ে বেশ কয়েকটি হলের বারান্দা থেকে শিক্ষার্থীদের লাফ দিয়ে পড়ে আহত হওয়ার খবর পাওয়া যায়।
এরপর কর্মচারীদের জন্য বরাদ্দ ২০তলা বিশিষ্ট আধুনিক ‘স্বাধীনতা ভবন’ শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার জন্য আন্দোলনে নামের বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।


