ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ ঘটনায় প্রশিক্ষক দল ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে নিহত শিশুর পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার দুপুরে অন্যদের সঙ্গে সাঁতার শিখতে পুকুরে নামে আয়মান। এক পর্যায়ে সে ডুবে যায়। অবিলম্বে তাকে উদ্ধারের চেষ্টা চালায় প্রশিক্ষক দল।
খবর পেয়ে তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আয়মানকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়মান উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে। সাঁতার শিখতে আসা আর এক শিশুর অভিভাবক বলেন, ‘সন্তানকে সাঁতার শিখতে পাঠানো হয়েছে প্রয়োজনের সময় যেন জীবন বাঁচাতে পারে। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। প্রশিক্ষণের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করায় এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর জন্য তাদের (আয়োজক) অবহেলা দায়ী। এর দায় তাদের নিতে হবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা৷ এমন মৃত্যু কারও কাম্য নয়।’
দুর্ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’


