জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে পার্কের এক নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকায় দূর্গা বাগানবাড়ী পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আব্দুল খালেক পৌর শহরের চর কালিকাপুর এলাকার বাসিন্দা। তিনি দূর্গা বাগান বাড়ী পার্কের নৈশ প্রহরী। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা থেকে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি খেলা করতে ওই পার্কে যায়। এসময় অভিযুক্ত খালেক তাকে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি বাসায় গিয়ে জানালে সেদিন রাতে অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন তার মা। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘পার্কের সামনে আমাদের বাড়ি। শুক্রবার আমার মেয়ে পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায়, পার্কের নৈশ প্রহরী খালেক পার্কের রান্না ঘরে ডেকে নিয়ে নির্যাতন করার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।’


