টালিউড অভিনেতা জিৎ কি এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন? সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন জল্পনাই এখন তুঙ্গে।
বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে জিৎ বলেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে আগে দেখুন।’ এরপর ফল প্রকাশের দিন বিনোদন জগতের তারকাদের মধ্যে তিনিই প্রথম বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
নতুন করে আলোচনা শুরু হয়েছে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে তার উপস্থিতিকে ঘিরে। বৃহস্পতিবার (৮ মে) কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই ভিআইপি নিরাপত্তায় প্রবেশ করতে দেখা যায় জিৎকে। সাদা পাঞ্জাবি ও রোদচশমায় তার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে— তবে কি এবার রাজনীতির রঙ লাগছে তার গায়েও?
অনেকেই তুলনা টানছেন অভিনেতা দেব–এর সঙ্গে। তাদের প্রশ্ন, দেবের মতো কি এবার ভোটের রাজনীতিতেও দেখা যাবে জিৎকে?
এর আগেও টালিউডের বিভিন্ন ইস্যুতে নিজেকে কিছুটা আড়ালেই রেখেছেন তিনি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর মৃত্যুর পর বিচার দাবিতে যখন টালিউডের একাংশ সরব হয়েছিল, তখনও সেই আন্দোলনে দেখা যায়নি জিৎকে। ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের সভাতেও খুব একটা উপস্থিত থাকতে দেখা যায় না তাকে। বরাবরই তিনি চলেছেন নিজের মতো করেই।
রাজনৈতিক পালাবদলের পর জিতের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি না, তা নিয়েও আলোচনা চলছে নানা মহলে। বিজেপির জয়ের পর নিজের পোস্টে তিনি লিখেছিলেন, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য বিজেপিকে শুভেচ্ছা। আশা করি এই জয় বাংলার উন্নয়ন ও অগ্রগতি বয়ে আনবে।’
তবে রাজনীতিতে যোগ দেওয়া কিংবা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেতা। যদিও তার সাম্প্রতিক কর্মকাণ্ড ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে বলেই মনে করছেন অনেকে।


