‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’।
চার দিনের এই আয়োজনের প্রথম দিন সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশকে এআই, ডেটা অ্যানালিটিকস এবং ডিজিটাল ফরেনসিকসে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে বলেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’
২০২৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিপিএম ও পিপিএম পদক দেওয়া হবে। প্রধানমন্ত্রী মনোনীত পুলিশ সদস্যদের এই পদক পরিয়ে দেবেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের মানুষের নিকট সেবা ও আস্থার প্রতীক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।’
আগামী ১৩ মে পর্যন্ত চলবে এই আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ সাজানো হয়েছে এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।


