উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইমতিয়াজ আহমেদ, সজীব, মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল, মো. নাঈমুর রহমান, মো. শাহীন, মো. হানিফ, মো. শাহাদত হোসাইন, মো. দুলাল, হেদায়েত উল্লাহ ও মো. স্বপন মিয়া। এ ছাড়া ছয়জন কিশোর অপরাধীকেও আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, রোববার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।


