ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে ‘সমতার শিল্প’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বিভাগ চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি এই কর্মশালা উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার ইফতিখার-উল-করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক নিফাত সুলতানা ও খন্ডকালীন শিক্ষক মেরাজী আশা ঐশী।
সায়মা হক বিদিশা বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছেন এবং কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ন্যায্যতা, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিল্পকলার ভূমিকা অপরিসীম। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং এস এম সুলতান চারুকলা কলেজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে নির্বাচিত প্রথম ১০ জন শিল্পীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া, ২৬ নভেম্বর বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে।


