ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫
দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের প্রাইভেট কার চালক জাহিদ হোসেন (৩২)। আহতরা হলেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
‎
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান ও তিনজন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

‎ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, নিহত চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad