জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার সকালের বিভিন্ন সময়ে কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। এসময় আদালত ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সাবেক যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ফারুক খানকেও হাজির করা হয়েছে।


