শিক্ষার্থীদের করা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সিন্ডিকেট সভায় অভিযোগের বিষয়ে তদন্ত করতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের তদন্ত সংক্রান্ত ডেপুটি রেজিস্ট্রারকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।


