বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে-এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়?
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে—আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু পাঠাব। এটি আমার কথা নয়, আমি পত্রিকায় পড়েছি। প্রশ্ন হলো, এটি কি নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়ে? টাকা দিয়ে ভোট কেনা কি আচরণবিধির লঙ্ঘন নয়?’
আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়; এটি ছিল ফ্যাসিবাদী শাসনের শারীরিক ও মানসিক নিপীড়নের ফল।
রিজভী বলেন, আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গেছেন। তার এই মৃত্যু ছিল অকাল মৃত্যু, স্বাভাবিক মৃত্যু নয়। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন-নির্যাতনের ফলেই তিনি মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে চারদিক থেকে বালির ট্রাক ও কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার চোখে গোলমরিচের গুঁড়া নিক্ষেপ করা হয় এবং পেয়ারা গাছের ধোঁয়ার মধ্যে শ্বাসরোধের ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়।
রিজভী বলেন, এই নিপীড়নের পৈশাচিক রূপ সুদূর মালয়েশিয়া থেকে মরহুম আরাফাত রহমান কোকো প্রত্যক্ষ করছিলেন। তিনি তখন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মায়ের ওপর চালানো নির্যাতনের বিভৎস দৃশ্য দেখে তিনি নিজেকে সামাল দিতে পারেননি এবং দুঃখ-কষ্টে জর্জরিত হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, কোকোর মরদেহ দেশে আসার পর বিএনপি নেতাকর্মীরা তখন পুলিশের হুলিয়ার মধ্যে ছিলেন। টেলিভিশনে তারা দেখেছেন, মৃত সন্তানের লাশ কোলে নিয়ে বসে আছেন খালেদা জিয়া। শোক জানাতে যাওয়া বিএনপি নেতাকর্মী তো বটেই, দেশের বুদ্ধিজীবী, অধ্যাপক, চিকিৎসক ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়।
রিজভী বলেন, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ গুলশান কার্যালয়ে শোক জানিয়ে বাসায় ফেরার আগেই তার বিরুদ্ধে পাঁচটি মামলা দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্যাসিবাদের লোমহর্ষক অত্যাচারের নিদর্শন।
অনেক রক্তস্রোত ও ত্যাগের বিনিময়ে জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগসহ নানা বাহিনীর নির্যাতন, আয়নাঘর ও রিমান্ডের নামে নির্যাতনের পরও জনতার উত্তাল আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে।
রিজভী বলেন, যারা জনগণের নেতা হয়ে জনগণের ওপর নিপীড়ন চালায়, তাদের শেষ পরিণতি পালিয়ে যাওয়া। ৫ আগস্ট তার প্রমাণ। এটি প্রকৃতির নিয়ম এবং আল্লাহর বিধান—কোনো অত্যাচারীকে আল্লাহ সহ্য করেন না।
নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুক। জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে—এটাই বিএনপির অঙ্গীকার।
তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব নির্বাচনী আইন-কানুন ও বিধি মেনেই কাজ করছেন। তিনি বগুড়ায় নিজ গ্রামের বাড়ি ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে চাইলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করেন।
রিজভী বলেন, ‘এখন পর্যন্ত আমরা দেখিনি যে তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন বা অকথ্য ভাষায় কথা বলেছেন। বরং তিনি শালীন ও সংযত ভাষায় বক্তব্য দিচ্ছেন।’
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে—ধর্ম বা আর্থিক প্রলোভন ব্যবহার করা যাবে না। কিন্তু ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
তিনি সতর্ক করে বলেন, বিকাশে কাকে কাকে টাকা পাঠানো হচ্ছে—এসব অজানা থাকছে না। তাই অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সংযত হতে হবে, যাতে বড় ধরনের আইনি ভুল না হয়।
রিজভী বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না; তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। কিন্তু তার মৃত্যু ছিল নির্মম নিপীড়নমূলক দুঃশাসনের ফল।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


