জামালপুরে স্বামীকে গাছে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের মো. ফারুক হোসেন, মুনছুর আলী এবং একই গ্রামের ফেরদৌস হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন আসামিরা। পরে ২০ জুলাই ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে তিনজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।


