২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে নিম্নমানের কাগজ ব্যবহারের পাশাপাশি মুদ্রণ মানের ঘাটতি ও নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুদক।
বিবৃতিতে দুদক জানায়, নিম্নমানের কাগজে পাঠ্যবই মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এনসিটিবি কার্যালয়ে অভিযান চালায় কমিশনের এনফোর্সমেন্ট টিম এবং রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এতে আরও বলা হয়, ‘নিম্নমানের কাগজ ব্যবহার, মুদ্রণ মানের ঘাটতি, বাঁধাই ত্রুটি এবং কিছু মুদ্রণ প্রেসের মালিকদের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’
সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।


