ওমান উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর অঞ্চলটি নতুন করে অশান্ত হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য মার্কিন নৌবাহিনীর পাহারা দেওয়ার পরিকল্পনা সৌদি আরব প্রত্যাখ্যান করে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের জন্য তাদের ‘প্রিন্স সুলতান বিমানঘাঁটি’ বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহার কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান ওড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, গত রোববার ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার সিদ্ধান্তে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেও ওই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।
রোববার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ঘোষণা সৌদি আরবের নেতৃত্বকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এর পরপরই দেশটি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, তারা এ পরিকল্পনায় সমর্থন দেবে না।
ইতিমধ্যে, মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সৌদি আরবের পাশাপাশি কুয়েতও তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি ও আকাশসীমা ওই অভিযানে ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়।
মিত্র দেশগুলোর এমন কঠোর অবস্থানের পর প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, শান্তি আলোচনার সুযোগ দিতেই এই অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।
ইরানকে ট্রাম্পের সতর্কতা
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি প্রস্তাবিত ১৪ দফার শান্তি চুক্তি গ্রহণ না করে, তবে দেশটিতে আগের চেয়েও ভয়াবহ বোমাবর্ষণ শুরু করা হবে।
বর্তমানে তেহরান এই প্রস্তাবটি পর্যালোচনা করছে, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীন হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
লেবানন ও গাজায় নতুন করে হামলা
এদিকে, গত মাসের যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে (দাহিহ) ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এই হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। গাজা ও লেবাননে চলমান অস্থিরতার পাশাপাশি হরমুজ প্রণালির এই সংকট বিশ্ববাজারে তেলের দাম নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।


