গাইবান্ধার সাদুল্লাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রফিক মিয়া (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। একই দিকে একটি কাভার্ডভ্যানও যাচ্ছিল। পথে ধাপেরহাট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক রফিক মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


