সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেয়।
এর আগে ১১ মে ফারজানা রুপা ছয়টি মামলায় এবং শাকিল আহমেদ পাঁচটি মামলায় হাইকোর্টে জামিন পান। পরে ১০ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল ও রুপাকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মামলায় আটক দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনার মামলায় ফারজানা রুপার বিরুদ্ধে তদন্ত চলছে। গত ১৪ মে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরে হত্যার ঘটনাকে রুপা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন।


