পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) কয়েকটি সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

ছাত্রদলের নেতারা জানান, পোস্টাল ব্যালট বিষয়ে ইসির সাম্প্রতিক সিদ্ধান্তে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে। তাদের অভিযোগ, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে নির্বাচন কমিশন দায়িত্বশীলতার পরিবর্তে বিবেচনাহীন ও পক্ষপাতমূলক নিয়েছে।
এছাড়া রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা একটি প্রজ্ঞাপনকে ‘নজিরবিহীন ও বিতর্কিত’ বলেও উল্লেখ করেন ছাত্রদলের নেতারা।
কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে ব্যালট পেপার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ এবং অনৈতিক রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন।
এদিন সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুরু হওয়া এই শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়, ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জনে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করেন। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে ৩৯৭ জনের প্রার্থিতা পুনর্বহাল করা হয়।


