জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হলে অবস্থানরত শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম নির্বিঘ্নভাবে শুরু এবং নবাগত শিক্ষার্থীদের জন্য আসন নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে ৫৩তম ও ৫৪তম ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য আবাসিক হলে সিট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
তবে দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যাচের অনেক শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে হল ছাড়ছেন না, যা আবাসিক ব্যবস্থাপনা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন সৃষ্টি করছে।
এ পরিস্থিতিতে প্রশাসন বর্তমান শিক্ষার্থীদের ১৯ মে’র মধ্যে হল ত্যাগ করে নতুন শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।


