বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে সবাইকে মাথা তুলে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো সমাজের ভেতরে থাকা অনৈক্য বা বিভাজন দূর করে মানুষের মাঝে ঐক্য গড়ে তোলা।’
সোমবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসময় ধরে এ দেশে ভোট হতে দেওয়া হয়নি। জনগণও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করেছে বিএনপি।’
অনুষ্ঠানে সংসদ সদস্য ও বিশেষ সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আয়োজক সংগঠনের নতুন সভাপতি জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসনে মুবারক রকির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানের সমাপনীতে জাবেদুল ইসলাম জাবেদ ও হুসনে মুবারক রকির নেতৃত্বে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের আগামী এক বছরের জন্য গঠিত ২৭ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।


