ঈদুল আজহা এলেই শৈশবের নানা স্মৃতি মনে পড়ে সিয়াম আহমেদের। এক আলাপচারিতায় কোরবানির পশু কেনাকে ঘিরে ছোটবেলার আবেগঘন স্মৃতির কথা তুলে ধরেন এই অভিনেতা।
সিয়াম জানান, ছোটবেলায় বাবার সঙ্গে গরুর হাটে যাওয়াটা ছিল ঈদের সবচেয়ে আনন্দের অংশ। হাটজুড়ে ঘুরে ঘুরে গরু দেখা, পছন্দ করা, দরদাম করা—সবকিছুতেই ছিল আলাদা উত্তেজনা। তবে সবচেয়ে বেশি আনন্দ পেতেন গরু কেনার পর দড়ি ধরে সেটিকে বাড়ি ফিরিয়ে আনতে।
অভিনেতার ভাষায়, ছোটবেলায় তার প্রায়ই মনে হতো—যদি গরু কেনার টাকাটা তিনি নিজেই বাবাকে দিতে পারতেন, তাহলে আনন্দটা আরও বেশি হতো।
সময়ের সঙ্গে সেই ইচ্ছাও পূরণ হয়েছে। বর্তমানে শোবিজে প্রতিষ্ঠিত সিয়াম জানান, উপার্জন শুরু করার পর থেকেই প্রতি ঈদুল আজহায় কোরবানির পশু কেনার জন্য বাবার হাতে আলাদা করে টাকা তুলে দেন তিনি। নিজের উপার্জনের অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারাকে জীবনের বড় প্রাপ্তিগুলোর একটি বলেই মনে করেন এই অভিনেতা।
তবে এই অর্জনের মাঝেও শৈশবের কিছু অনুভূতি হারিয়ে গেছে বলে মনে করেন সিয়াম। দায়িত্ব আর ব্যস্ততার কারণে এখন আর আগের মতো গরুর দড়ি ধরে বাড়ি ফেরার সেই নিখাদ আনন্দ অনুভব করেন না তিনি।
তার ভাষায়, শৈশবের সেই সরল স্মৃতিগুলোই আজও ঈদকে তার কাছে বিশেষ করে তোলে।


