ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষক এরশাদ হালিমকে একাধিক পুরুষ শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন টাইমস অব বাংলাদেশকে জানান, রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে বৃহস্পতিবার রাতে এরশাদ হালিমকে আটক করা হয়। পরে মামলার প্রেক্ষিতে তাকে আদালতে চালান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, শিক্ষককে আটকের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে এবং প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশ করে জানান, শিক্ষক এরশাদ হালিম বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করতেন, জোর করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


