জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রচারের অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির পক্ষ থেকে এই মামলাকে মিথ্যা, ভিত্তিহীন এবং নাগরিক হয়রানি হিসেবে অভিহিত করা হয়েছে।
শুক্রবার রাতে ডিবি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই হাসান নাসিমকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে তোলা হলে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে’র ২৫ ও ২৭ ধারায় মামলা দিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এনসিপির অভিযোগ, চিফ হুইপ সংসদ অধিবেশনে মজার ছলে যে বক্তব্য দিয়েছিলেন, তা উদ্ধৃত করেই একটি রাজনৈতিক কার্টুন তৈরি করা হয়েছিল। স্রেফ এই কার্টুন প্রচারের দায়ে একজন রাজনৈতিক কর্মীর অভিযোগে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
মামলার এজাহারে ‘ব্ল্যাকমেইলিং’-এর অভিযোগ আনা হলেও সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারা অনুযায়ী ঠিক কী ধরনের বেআইনি সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট বিবরণ নেই।
এনসিপি এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদারিত্ব ও আইনি জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট তারেক রহমান রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতার কথা বললেও বর্তমান সরকারের মাত্র দুই মাসের মাথায় একজন অ্যাক্টিভিস্টকে কার্টুন প্রচারের দায়ে কারাগারে যেতে হলো।
জাতীয় নাগরিক পার্টি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, সরকারের স্পষ্ট বক্তব্য এবং ভুক্তভোগী হাসান নাসিমের অবিলম্বে মুক্তি দাবি করেছে।


