প্রকাশ পেল ‘প্রিন্সের’ প্রথম পোস্টার

প্রকাশ পেল ‘প্রিন্সের’ প্রথম পোস্টার
শাকিব খান অভিনীত 'প্রিন্স' ছবির প্রথম পোস্টার।
Advertisement
Advertisement

শাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবিটির নাম এর আগে টাইমস অব বাংলাদেশ জানালেও প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানাল শুক্রবার।

প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডের ফেসবুক থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এ নাম ঘোষণা করা হয়। পুরো পোস্টার জুড়ে রয়েছে লাল রঙের ছড়াছড়ি, যা কিনা সহিংসতার রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাম ও ডান পাশে বেশকিছু অস্ত্র, আর এর মাঝে দুহাত উঁচু করে তুলে রেখেছেন শাকিব খান।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে।’

ছবিটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে বলেও জানায় প্রযোজনা সংস্থা।

বছর দুয়েক আগে শরীফুল রাজকে নিয়ে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। তখন জানানো হয়েছিল, ছবিটি সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনীর ওপর নির্মিত হবে। যা সেসময় বেশ বিতর্কেরও জন্ম দেয়।

আরও পড়ুন

তবে এক অফিসিয়াল বিবৃতিতে প্রযোজনা সংস্থা বলছে, ‘আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।’

ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ছিলো কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকারের। তবে পরবর্তীতে শোনা গেছে, শাকিব বাংলাদেশ বা ভারতীয় নায়িকা নন এবার তার সিনেমায় চান পাকিস্তানি নায়িকা। তার চাহিদায় প্রযোজনা সংস্থা ইতোমধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি নায়িকার সঙ্গে কথা বলেছেন।

এ ছবিতে শাকিব খান রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন। তিনি প্রাথমিক অবস্থায় ৩ কোটি টাকা পারিশ্রমিক চাইলেও শেষ পর্যন্ত আড়াই কোটিতে রাজি হয়েছিলেন। এর মধ্যে ২ কোটি টাকা অগ্রিম নিয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলচ্চিত্রখাত সংশ্লিষ্ট অনেকেই বলছেন, গ্রীনকার্ডের শর্ত পূরণের জন্য দেশটিতে রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ছোট ছেলে শেহজাদ খান বীর ও সাবেক স্ত্রী বুবলীর সঙ্গে সময় কাটানোর বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। আগামী মাসে দেশে ফেরার কথা রয়েছে তার। সব মিলিয়ে আগামী অক্টোবরে ‘প্রিন্স’-র শুটিং শুরুর পরিকল্পনা পরিচালকের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad