চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক মো. সফিকুল ইসলাম (প্রশাসন) ও মোহাম্মদ আল আমীন (একাডেমিক) উপ-উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এই নিয়োগ অনুমোদন করেছেন।’
নবনিযুক্ত সফিকুল ইসলাম চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বিজ্ঞান অনুষদের ডিন ও বনবিদ্যা-পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তারা নিয়োগ পেয়েছেন। বয়সসীমা অনুযায়ী অবসর গ্রহণের তারিখ আগে চলে এলে ওই সময় পর্যন্তই তারা পদে বহাল থাকবেন।
তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনের স্বার্থে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। নতুন দুই উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য প্রদত্ত ক্ষমতা প্রয়োগসহ দায়িত্ব পালন করবেন।


