চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে।
শনিবার নগরীর নিউমার্কেট মোড় থেকে ওমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খান।
সিটি করপোরেশন সূত্র জানায়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পেশোয়ার দালিম হোটেলের সামনে নালার ওপর অবৈধভাবে স্থাপিত লোহার অ্যাঙ্গেল অপসারণ করে জব্দ করা হয়। এ ছাড়া ওমর চাঁদ রোড এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা ও টং দোকানের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজটও বৃদ্ধি পাচ্ছিল। এসব সমস্যা নিরসনে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত বা সড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে।
ম্যাজিস্ট্রেট নগরবাসীকে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, কোথাও অবৈধ দখলের ঘটনা ঘটলে তা সিটি করপোরেশনকে অবহিত করার পাশাপাশি নাগরিকদের প্রতিবাদ জানানো উচিত। জনসচেতনতা ও প্রশাসনিক তৎপরতার সমন্বয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


