রাজধানীর শেওড়াপাড়ায় বাসচাপায় সবুজ (৩০) নামের এক রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে গ্রিন স্পেশালাইজড হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সজিব খান জানান, হিমালয় পরিবহনের একটি বেপরোয়া গতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক গুরুতর আহত হন। তবে মোটরসাইকেলের পেছনের যাত্রী অক্ষত রয়েছেন। পরে সজিব তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত সবুজের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ি গ্রামে। তার বাবার নাম মশিউর রহমান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


