নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় অংশীজনদের সমন্বিত উদ্যোগ জোরদারে সংলাপ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে ‘নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা সংস্থা, মানবাধিকার সংগঠন, এনজিও, সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বলেন, ‘মানবাধিকার সুরক্ষায় আইন, নীতি ও সরকারি-বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা ও আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ে এখনও ঘাটতি রয়েছে।’
তিনি বলেন, ‘দেশে শেল্টার হোমের সংখ্যা খুবই কম। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদেরও শেল্টার সাপোর্ট প্রয়োজন।’
সংলাপে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি রেজমিন সুলাতানা, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার লিজা বেগম; মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার, ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) কেন্দ্রের সমন্বয়কারী তাইয়েবা সুলতানা, নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার সহকারী পরিচালক প্রবীর দত্ত এবং নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) ডেপুটি টিম লিডার ক্যাটরিনা কইনিগ।
বক্তারা নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
সংলাপে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়ানো, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা এবং অনলাইনে অধিকার ও সুরক্ষা বিষয়ে প্রচার বাড়ানোর সুপারিশ করা হয়।


