চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গরু লুটে বাধা দিতে গিয়ে নিতাই চন্দ্র (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিতাই চন্দ্র ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে একটি মাইক্রোবাসে করে ৫ থেকে ১০ জনের একটি ডাকাতদল নিতাই চন্দ্রের গোয়ালঘরে হানা দেয়। তারা গোয়ালঘর থেকে গরু বের করে নিয়ে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দেন। এতে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, গরু লুট করে পালানোর সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্রকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


