গাজাবাসীর জন্য মানবিক সহায়তা ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে রওনা হয়েছিলেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ; এ খবর পুরোনো। সবশেষ খবর হলো, ভূমধ্যসাগরে গ্রেটাকে বহনকারী নৌযানটিতে উঠে পড়েছিল ইসরায়েলি সৈন্যরা। তারপর নৌকাটির পাশাপাশি এর আরোহীদেরও আটক করে তারা।
রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওর বরাত দিয়ে ফ্রান্স২৪ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে নৌযানের ডেকে বসে থাকতে দেখা গেছে। যাকে ঘিরে ছিল ইসরায়েলি সৈন্যরা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স পোস্টে জানিয়েছে, ‘সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে আটক করা হয়েছে। তাদের যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। গ্রেটা এবং তার বন্ধুদের কিছু হয়নি, তারা সুস্থ এবং নিরাপদ আছে।’
অর্থাৎ, গ্রেটা থুনবার্গ তার অন্য সহযাত্রীদের সঙ্গে এখন রয়েছেন ইসরায়েলের মাটিতে, দেশটির জিম্মায়। তাদের সঙ্গে কী করা হবে বা তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে নৌযানগুলো যখন গাজা থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে, তখনই সেগুলো আটক করা হয়। এই এলাকায় সবসময়ই ইসরায়েলের নজরদারী থাকে যেন গাজার কাছাকাছিও কোনো জাহাজ প্রবেশ করতে না পারে।


