সংকট নিরসনে দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের

সংকট নিরসনে দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের
শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার জন্য অন্তবর্তী সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এখন সরকারের উচিত সংকট নিরসন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, যাতে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে।’

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে যে সংকট তৈরি হয়েছে, তা এই অন্তবর্তী সরকার ও ঐকমত্য কমিশনের কারণেই। আমি বিশ্বাস করি, এই সংকট কেটে যাবে। দেশের মানুষ কখনো পরাজয় মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের; এই মানুষগুলো আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, তা পরাজিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন মত, দল ও পথে থাকতে পারি, কিন্তু ‘সবার আগে বাংলাদেশ’–এই বিশ্বাসে কোনো বিভেদ থাকা উচিত নয়। যা হওয়ার হয়ে গেছে। এখন দয়া করে আপনারা সেই সমস্যাগুলোর সমাধান করুন, যেন সবাই একসঙ্গে নির্বাচনের পথে যেতে পারি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারি।’

আরও পড়ুন

রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমার বাংলাদেশ (এবি) পার্টির মঞ্জু সাহেব (মজিবুর রহমান মঞ্জু) যে চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি তা গ্রহণ করেছি। গত কয়েক বছরে আমরা তরুণ ও প্রবীণ নেতাদের মধ্যে যে সংহতি তৈরি করেছি, সেটি আন্দোলনের সময় প্রমাণিত হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আগে ভাবতাম, তরুণরা কোথায়, কিন্তু ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে দেখেছি–সারা দেশের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে হতাশার কথা বলছেন, কিন্তু আমি কখনো ব্যক্তিগত জীবনে ও রাজনৈতিক জীবনে হতাশ ছিলাম না। আমি বিশ্বাস করি, ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে সংগঠনটির সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব।

গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সম্মেলনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad