জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে মারা গেছে তিন শিশু। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো তিন শিশু হলো–চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও তার ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)।
নিখোঁজ রয়েছে একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২) নামে দুই শিশু।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে আরেকজন শিশু বাড়িতে খবর জানালে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা গেলেও আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রাতে উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।


