বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় একটি রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আব্দুল শুক্কুর (৩৯) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, শুক্রবার বিকালের পর স্থানীয় টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগানের একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আব্দুল শুক্কুরের মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত প্রকৃত কারণ বলা সম্ভব নয়।


