সিলেটের দক্ষিণ সুরমায় বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের (৬০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।
গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর রাজ্জাক যুক্তরাষ্ট্রে চলে যান। মাস কয়েক আগে ফিরে এসে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। আরেকটি সূত্র বলছে, সম্পত্তি নিয়ে তার পারিবারিক বিরোধও চলছিল।
স্বজনরা জানান, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে জানিয়ে এডিসি বলেন, ‘বাসাটিতে নিহতের ভাই, পুত্র ও পুত্রবধূ ছাড়া আর কেউ থাকেন না। বাড়িটি সুরক্ষিত। সেখানে বাইরে থেকে লোকজন ঢোকা সাধারণভাবে সম্ভব না।’
এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এডিসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


